বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে তাঁরা। নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে এবং মানিক বাছাড়ের স্ত্রী ও ২ সন্তান রয়েছে।
নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে দুই কাকা ঘটনাস্থলেই মারা যান।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ জানান, বুধবার দুপুরে দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মেহেদী হাসান ইয়াদ বলেন, দুই পরিবারের প্রতি উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। বিএনপি নিহতদের পরিবারের পাশে আছে। সরকারি সহায়তার প্রয়োজন হলে তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, নিহতের খবর পেয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাগেরহাট জেলা প্রতিনিধি 























