দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়েটির বাবাও আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১২)।
স্থানীয়রা জানান, সেলিম সরকার তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তারা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন স্ত্রী সম্পা ও মেয়ে নুছাইফা। পরে ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এ সময় আহত হন মেয়েটির বাবা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিনাজপুর জেলা প্রতিনিধি 























