নিজস্ব প্রতিবেদক :
শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারকে রিলেট করে সরকার পুরো ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএম-এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর উদ্যোগে উপাচার্যদের সঙ্গে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে কাজ করছে সরকার। অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতেও জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ক্ষেত্রে শুধু গবেষণা নয়, কীভাবে এবং কোথায় অর্থ ব্যয় করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। এসব বিষয় সঠিকভাবে তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের রেটিং বাড়াতে সহায়তা করবে।
এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সত্যিকার অর্থে রিয়েল লাইফ এডুকেশনে যেতে চাচ্ছি। দেশ ও দেশের বাইরে নিড-বেইজড এডুকেশন দরকার। যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে পৌঁছাতে হবে। ছেলে-মেয়েরা লেখাপড়া শেষ করে ক্রেডিট ট্রান্সফার যাতে করতে পারে সুতরাং একটা মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করবে।
ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশের উচ্চশিক্ষা বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, গুণগত মান ও জবাবদিহির ক্রমবর্ধমান প্রত্যাশা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো নতুন বাস্তবতার মুখোমুখি। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক, সুশাসিত এবং পরিবর্তিত বিশ্বের জন্য দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এতে।
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















