টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। হতাহতরা পিকআপের যাত্রী ছিলেন।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার ছেলে ও পিকআপের চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার পলাশের ছেলে হেলপার রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলা সদর উপজেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)।
এ ঘটনায় আহত হয়েছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর চালকসহ চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 




















