নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর থেকে বিশ্বে জ্বালানি তেলের দাম কমছে। এর ধারাবাহিকতায় দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম এ নিয়ে চলতি মাসে দুবার কমল। এবার কমল প্রতি লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা। এর আগে মাসের শুরুতে কমেছিল ২১ টাকা ৬৩ পয়সা। যুদ্ধের পর মার্চে দুই দফায় ১০৭ টাকা এবং এপ্রিলে ২৪ টাকা ৭৯ পয়সা বেড়েছিল।
শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর শনিবার (২৩ মে) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। গত বছরের মে মাস থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে তারা।
নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা, যা আগে ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা। যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এ দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ গত ৭ মে দেশে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল ২০৫ টাকা ৪৫ পয়সা। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।
দাম কমানোর বিষয়ে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজরে জেট এ-১ এর (এভিয়েশন ফুয়েল) উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ায় গত ৫ মে থেকে ২১ মে পর্যন্ত সময়ে জেট এ-১ এর আন্তর্জাতিক বাজার মূল্য, প্ল্যাটস রেটের গড় বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হলো। এ আদেশ শনিবার রাত ১২টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
নিজস্ব প্রতিবেদক 






















