আন্তর্জাতিক ডেস্ক :
গঙ্গা পানিবন্টন চুক্তি সংক্রান্ত বিষয়সহ বাংলাদেশের সঙ্গে নদী-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারত।
শুক্রবার (২১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ ৩০ বছর। ভারত-বাংলাদেশের নদী-সম্পর্কিত সব বিষয় যৌথ নদী কমিশনের আওতায় আলোচনা হয়। গঙ্গা পানি চুক্তির আওতায় যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোট এবং এতে বাংলাদেশের যুক্ত হওয়ার গুঞ্জনটি ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলবে?
জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। এ মুহূর্তে এ বিষয়ে আর কিছু বলার নেই।
তবে তিনি স্পষ্ট করেন যে, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এর আগে ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ব্রিকস সম্মেলনে তার অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে যে প্রশ্নটি করা হয়েছে, সে বিষয়ে আমার আপাতত কিছুই বলার নেই। আমার কাছে কোনো আপডেট থাকলে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।
আন্তর্জাতিক ডেস্ক 


















