স্পোর্টস ডেস্ক :
চলতি বছরের অক্টোবরের শুরুতেই দক্ষিণ এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার লক্ষ্যে কলকাতার যুবভারতী কিংবা ইডেন গার্ডেন্সে পা রাখতে পারে সেলেসাওরা।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘ইএসপিএন ব্রাজিল’ ও স্থানীয় সংবাদপত্র ‘এস্তাদাও’র প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং ভারতীয় আয়োজকদের মধ্যকার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
ইএসপিএন ব্রাজিল-এর প্রতিবেদন অনুযায়ী, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের উপমহাদেশে নেওয়ার জন্য ভারতীয় আয়োজকদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
২০২৬ বিশ্বকাপ চলাকালে সিবিএফ ও ভারতীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। টুর্নামেন্ট চলাকালে ভারতীয় ভক্তদের উন্মাদনা ও ব্রাজিলের প্রতি বিশাল সমর্থনের কারণে তারা ভারতে খেলার ব্যাপারে আগ্রহী হয়েছে।
২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ধার্য করা ফিফা উইন্ডোতে ব্রাজিল মূলত তিনটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। (টাউনসভিল) এরপর ২৯ সেপ্টেম্বরও খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে (ব্রিসবেন, সানকর্প স্টেডিয়াম)। এরপর অক্টোবরের ১ম সপ্তাহে সম্ভাব্য প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসতে পারে ব্রাজিল।
ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বাংলাদেশেও তাদের ম্যাচ আয়োজনের জোরালো দাবি উঠেছে। আয়োজক হওয়ার দৌড়ে আছে সিঙ্গাপুর ও কাতার। বর্তমান পর্যায়ের আলোচনায় আপাতত ভারতকে বিবেচনা করা হচ্ছে।
ম্যাচটি কলকাতায় আয়োজন হলে সেটি হবে ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে শহরটির ঐতিহাসিক সম্পর্কের বহিঃপ্রকাশ। ১৯৭৭ সালে মোহনবাগানের বিপক্ষে নিউ ইয়র্ক কসমসের হয়ে পেলে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন। তার এক দশক পর শহরটিতে ফিরেছিলেন ব্রাজিলিয়ান লিজেন্ড।
সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ঐতিহ্যবাহী শহর কলকাতার অলিগলি সেজে উঠেছিল সাম্বা ছন্দে। বিশেষ করে উত্তর কলকাতার দেয়ালগুলো রাঙানো হয়েছিল নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রদের দৃষ্টিনন্দন ম্যুরালে।
ভারতে ফুটবল উন্মাদনা আর বিশ্বকাপ রোমাঞ্চের কথা উঠলেই সবার আগে আসে কলকাতার নাম। প্রতিটি বড় টুর্নামেন্টেই শহরের ফুটবলপ্রেমীরা যেভাবে ফুটবল আনন্দে ভেসে যান, তাতে এবার সরাসরি ব্রাজিলের ম্যাচ দেখার সুযোগ পেলে শহরটি যে উৎসবে মেতে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
স্পোর্টস ডেস্ক 
























