নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নাহিদ ইসলাম বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনকে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর নগর প্রশাসনে রূপান্তরের লক্ষ্যেই এনসিপি প্রার্থী ঘোষণা করেছে।

সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দেন নাহিদ ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
নিজস্ব প্রতিবেদক 






















