নিজস্ব প্রতিবেদক :
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক এক সৌজন্য সাক্ষাতে করতে গেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।
স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি ও মূল ভিত্তি উল্লেখ করে জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি ও অনিয়ম থেকে বেরিয়ে আসতে তাঁদের সক্রিয় ও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে প্রশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকেরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের কথা শুনে রাষ্ট্রপতি আশ্বস্ত করে বলেন, এই সরকার জনগণের সরকার। স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধান এবং তাঁদের দাবিগুলো বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
এ ছাড়া জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
নিজস্ব প্রতিবেদক 




















