মাদারীপুর জেলা প্রতিনিধি :
শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এরপর তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে থেকে কি বলছে, এটা বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের বহু লোক ভারতে পালিয়ে আছে। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে ভারতের বিচার বিভাগও এটি দেখছে।
মক্কা প্যাক্ট নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই প্রতিরক্ষামূলক সামরিক জোটে বাংলাদেশ যাবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাংলাদেশ সরকার ভবিষ্যতে যেকোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতি সবার আগে অনুসরণ করবে। এমন গ্রুপ দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কি না এবং উপকারে আসবে কি না, সেটা বিবেচনা করে মক্কা প্যাক্টে যাওয়া হবে। সেই সময় হলে পররাষ্ট্র মন্ত্রনালয় এটা নিয়ে কথা বলবে।
মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
মাদারীপুর জেলা প্রতিনিধি 























