নিজস্ব প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মশাবাহিত ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন ডেঙ্গু শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩১৪ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ২৪ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৯, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪৩ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৩, চট্টগ্রামে ১৯৮, খুলনায় ২৩৫, রাজশাহীতে ৯৯, রংপুরে ৩৬ ও সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪৩ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪০ হাজার ৬১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩ হাজার ৯২ জন।
নিজস্ব প্রতিবেদক 




















