নিজস্ব প্রতিবেদক :
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমেছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরামূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।
নতুন মূল্য অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭২৭ টাকা। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯০৭ টাকা করা হয়েছে। এ ছাড়া ২৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০৩ টাকা। ৩০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ৬২৪ টাকায় বিক্রি হবে। আর ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট অন্যান্য খরচের ওপর ভিত্তি করে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্র্নিধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠানামা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এর মূল্য নির্ধারণ করা হয়।
বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকোর সেপ্টেম্বর মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্ট প্রাইস বা সৌদি সিপি অনুযায়ী নতুন দাম সমন্বয় করা হয়েছে।
সেপ্টেম্বরে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৫ ডলার এবং বিউটেনের ৬৬০ ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার বিবেচনায় নেওয়া হয়েছে।
অগাস্টে প্রোপেনের সৌদি সিপি ছিল প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের ৬৪০ ডলার। ওই মাসে গড় সৌদি সিপি ধরা হয়েছিল প্রতি মেট্রিক টন ৬৩৩ ডলার।
সে হিসাবে সেপ্টেম্বরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টনে ১৪ দশমিক ৭৫ ডলার বেড়েছে।
তবে সেপ্টেম্বরের মূল্য সমন্বয়ে এলপিজি আমদানিতে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম প্রতি মেট্রিক টন ১৬০ ডলার এবং প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ১২৩ টাকা ৩০ পয়সা বিবেচনায় নিয়েছে বিইআরসি।
অগাস্টে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম ধরা হয়েছিল প্রতি মেট্রিক টন ১৮০ ডলার। আর প্রতি ডলারের গড় বিনিময় মূল্য বিবেচনায় নেওয়া হয়েছিল ১২৩ টাকা ৬৯ পয়সা।
সরকারি এলপিজির দাম এবারও অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে।
এর আগে অগাস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। ওই মাসে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭৩ টাকা ৬৭ পয়সা করা হয়েছিল।
তার আগে জুলাইয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছিল। অটোগ্যাসের দাম তখন লিটারপ্রতি ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়।
জুনে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করেছিল বিইআরসি।
এর আগে ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা।
সে হিসাবে এপ্রিলে দুই দফায় ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৯৯ টাকা বেড়েছিল। এরপর জুন ও জুলাইয়ে দুই দফায় মোট ৪১২ টাকা কমে। অগাস্টে ৭০ টাকা বাড়ার পর সেপ্টেম্বরে কমল ১৩ টাকা।
বিইআরসি বলেছে, এলপিজি মজুদ ও বোতলজাতকরণ, পরিবেশক এবং খুচরা বিক্রেতাসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।
নিজস্ব প্রতিবেদক 



















