বিনোদন ডেস্ক :
বাংলা সিনেপাড়ায় পুরনো তিক্ততা আর মান-অভিমান ভুলে আবারও এক ফ্রেমে বাঁধার গল্প নতুন কিছু নয়। তবে সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে টলিউডের বহুল চর্চিত রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর নাম। দীর্ঘ ১১ বছরের দীর্ঘ বিরতি এবং ব্যক্তিগত সম্পর্কের সব টানাপোড়েন পেছনে ফেলে আবারো রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
পর্দা ও পর্দার বাইরের সমীকরণ যাই হোক, পরিচালক রাজ এবং অভিনেত্রী মিমির রসায়ন সবসময়ই টলিপাড়াকে দিয়েছে সুপারহিট সব কাজ। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ কিংবা ‘যোদ্ধা’—তাদের এই জুটি ঢাকাই ও কলকাতার সিনেদর্শকদের কাছ থেকে কুড়িয়েছে অশেষ ভালোবাসা।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ সিনেমায় শেষবার রাজের পরিচালনায় দেখা গিয়েছিল মিমিকে। এরপর দেখতে দেখতে কেটে গেছে এক দশকেরও বেশি সময়।
এই দীর্ঘ সময়ে দুজনকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। ব্যক্তিগত সম্পর্কের কোনো সমীকরণ এর পেছনে প্রভাব ফেলেছিল কি না, তা নিয়ে নানা আলোচনা থাকলেও রাজ কিংবা মিমি কেউই বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পর বরফ গলতে শুরু করেছে দুই তারকার মনে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে একটি নতুন কাজের প্রস্তাব পাঠানো হয় মিমি চক্রবর্তীর কাছে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক অয়ন চক্রবর্তী। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হওয়ায় এতে ইতিবাচক সাড়াও দিয়েছেন অভিনেত্রী।
এ বিষয়ে মিমির ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, সিনেমাটির বিষয়ে আলোচনা এগিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ দিকে শুটিং শুরু করবেন মিমি।
একসময় রাজ ও মিমির মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। পরবর্তী সময়ে সেই সম্পর্কের সমীকরণ বদলালেও পেশাগত জায়গা থেকে একে-অন্যের প্রতি সম্মান বজায় রেখেছেন দু‘জনই। এমনকি টিভি৯ বাংলার এক সাক্ষাৎকারে মিমিকে প্রশ্ন করা হয়েছিল, রাজের কাছ থেকে সিনেমার প্রস্তাব এলে কাজ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মিমি স্পষ্ট জানিয়েছিলেন, ‘হ্যাঁ, অবশ্যই করব।’
অন্যদিকে রাজকেও এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল,রাজ-মিমি জুটি কবে ফিরবে? উত্তরে রাজ বলেন, ‘আমি মিমির সঙ্গে কাজ করব না, এরকম কোনো ব্যাপার নেই। মিমি দারুণ অভিনেত্রী। যদি ওঁর উপযুক্ত কোনো গল্প পাই, অবশ্যই প্রস্তাব দেব। মিমি সেই সিনেমা করবে কিনা, সেটা ও বলতে পারবে।’
তবে নতুন কাজটিতে পরিচালক নন রাজ। তিনি প্রযোজকের ভূমিকায় থাকবেন। তবে রাজ-মিমি জুটি যে ফিরছে, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ২০২৫-এ দেব-শুভশ্রী গাঙ্গুলীর জুটি বড়পর্দায় ফেরার পর থেকেই প্রশ্ন ছিল রাজ-মিমি জুটি কবে ফিরবে। এবার রাজের তরফে সারভাইভাল থ্রিলারের প্রস্তাব গিয়েছে মিমির কাছে, যেখানে গল্পটির প্রধান মুখ নায়িকা। তবে এই ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থা বা নায়িকার তরফে। তাই সব কিছু জানতে, কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
বিনোদন ডেস্ক 























