মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার মহিপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার বাসিন্দা মামুন হোসেন ও হানজালা।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে কয়েকজন ব্যক্তি সেটি মেরামত করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের নিচে মেরামতের কাজে থাকা তিনজন আটকা পড়ে যান।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে একজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
পরে হাইওয়ে পুলিশ ও রেকার ভ্যানের সহায়তায় উল্টে থাকা ট্রাকটি সরিয়ে নিচে আটকে থাকা আরও দুইজনকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। বিকল একটি ট্রাকের নিচে কয়েকজন ব্যক্তি মেরামতের কাজ করছিলেন। এ সময় অপর একটি গাড়ির ধাক্কায় ট্রাকটি উল্টে যায় এবং তিনজন ট্রাকের নিচে আটকা পড়েন।
তিনি আরও বলেন, প্রথমে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ ও রেকার ভ্যানের সহযোগিতায় ট্রাকটি সরিয়ে আরও দুইজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা প্রতিনিধি 























