নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোলচত্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার লস্করদী ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), একই গ্রামের আজগার শেখের ছেলে সজিব শেখ (২২) এবং ইনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২১)। চয়ন সৌদি আরবপ্রবাসী ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিনজন পরস্পর বন্ধু ছিলেন। তাঁরা একটি মোটরসাইকেলে করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর ঘুরে বাড়ি ফিরছিলেন। পথে নওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নয়ন ও সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে নয়ন ও সিয়ামকে রাতেই ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। ঢাকায় নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। অপর দিকে সিয়াম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাইয়ুম মিয়া বলেন, রাতেই একজনের দাফন সম্পন্ন হয়েছে। পরে আরও দুজন মারা যান। তাঁদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। সকাল ১০টায় জানাজা শেষে তাঁদের দাফন করা হবে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল খান জানান, মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়া অজ্ঞাত যানবাহনটি এখনো শনাক্ত করা যায়নি। যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক 






















