চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা পাগলা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ৫ শিশু হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া(৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)। ডুবে যাওয়া শিশুরা মামাতো, চাচাতো ও ফুফাতো বোন।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমা পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।
জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।
সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















