রাজশাহী জেলা প্রতিনিধি :
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে বন্ধুত্ব, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের। এ দেশের মানুষ চায় ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদার ও সমতার ভিত্তিতে।
ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, সমমর্যাদার ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায়। আমরা কারও আধিপত্য মেনে নিতে প্রস্তুত নই।
দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান একই সঙ্গে দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। তিনি চাইলে এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কি না, সেটিই বড় বিষয়।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। মানুষের এই আস্থা অর্জনের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে মানুষের মাঝে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, কেউ যেন মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী সম্মেলনে সভাপতিত্ব করেন। সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম ও রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক।
রাজশাহী জেলা প্রতিনিধি 























