ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু তার নিজ বসতবাড়ির সামনের গলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার কাছ থেকে মেথামফেটামিন যুক্ত ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেফতার মেহেরুন্নেসা বৃষ্টিকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) উপপরিচালক শিরিন আক্তার বলেন, গ্রেফতার মেহেরুন্নেসা বৃষ্টিকে ফরিদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুর জেলা প্রতিনিধি 























