চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রলি ভ্যান নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন (৩৫) নামে চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিমন নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম বলেন, সকালে আবুল কালাম আজাদ একটি ট্রলি ভ্যানে ছাগল নিয়ে নিজ বাড়ি বান্দা গ্রামে ফিরছিলেন। পথে দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ নিহত হন। ট্রলিতে থাকা ছাগলটিও মারা যায়।
এ বিষয়ে জানতে চাইলে আমনুরা রেলওয়ে জংশনের স্টেশন ম্যানেজার হাসিবুল হাসান বলেন, দেওপাড়া রেলক্রসিংটি বৈধ হলেও সেখানে কোনো ‘জনবল মঞ্জুরি’ ছিল না।
রেলওয়ে পুলিশের শফিকুল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 























