বিনোদন ডেস্ক :
তারকাদের ছবি বিকৃত করা নতুন কিছু নয়। এর আগে একাধিকবার বিভিন্ন দেশের তারকাদের ছবি বিকৃত করতে দেখা গেছে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভুয়া ও বিকৃত ছবি-ভিডিও তৈরি করা হয়। সেসব ‘ডিপফেক’ ছবি-ভিডিও নিয়ে ভারতের অনেক তারকাদের এর আগে কথা বলতে দেখা গেছে। এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কথা বলেছেন।
এবার ডিপফেক নিয়ে কথা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সোশ্যাল মিডিয়ায় সরব থাকা এ অভিনেত্রী নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ না করলেও বিকৃত ছবি-ভিডিওর ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এ অভিনেত্রী লিখেছেন, বিষয়টিকে আনুষ্ঠানিক নোটিশ হিসেবে দেখুন। অনুগ্রহ করে এ ধরনের কুরুচিকর কাজ করা বন্ধ করুন। এরপরও যদি কেউ বিষয়টিকে আমার পরিচয়ে অপব্যবহার করে এমন কোনো কাজ করেন, তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এ ধরনের ছবি-ভিডিও তৈরি করা বেআইনি কাজ।
সময়ের সঙ্গে সঙ্গে তারকাদের নিয়ে ডিপফেক ছবি-ভিডিও ছড়ানোর প্রবণতা বাড়ছে। ইতোপূর্বে রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, রণবীর সিংসহ অনেকেই এ প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়েছেন। ছবি ও কণ্ঠস্বর অনৈতিকভাবে ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, কার্তিক আরিয়ান, সুনীল শেঠিসহ আরও অনেক তারকা।
প্রসঙ্গত, বর্তমানে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর অ্যাটলি পরিচালিত অ্যাকশন ড্রামা ‘রাকা’ নিয়ে বেশ ব্যস্ত। এতে তার সঙ্গে আরও থাকছেন আল্লু অর্জন, দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানা। জানা গেছে, প্রায় হাজার কোটি টাকা বাজেটের সিনেমাটি আগামী বছরের ডিসেম্বরে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
বিনোদন ডেস্ক 
























