নিজস্ব প্রতিবেদক :
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা।
শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এই মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
সম্প্রতি দেশে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় সৃষ্টি গ্যাস সংকট ও জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়ানো হতে পারে- এমন গুঞ্জন ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।
উল্লেখ্য, গ্যাস সংকটের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন ও সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিল পেট্রোবাংলা। ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে জমাও দিয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। এটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে এলো।
নিজস্ব প্রতিবেদক 

















