নিজস্ব প্রতিবেদক :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সরকার সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বাড়ানোর বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, হজ আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আত্মশুদ্ধির এক মহান যাত্রা। এই পবিত্র ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। অন্যায় করলে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে—এ বিষয়টি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে।
তিনি বলেন, অতীতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য নির্ধারণের মাধ্যমে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে হজযাত্রীদের জন্য ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
আফরোজা খানম জানান, সরকারের প্রথম পাঁচ মাসেই হজযাত্রীদের বিমান টিকিটের খরচ ৩৬ হাজার ৮০০ টাকা কমানো সম্ভব হয়েছে। পাশাপাশি সৌদি সরকারের আরোপিত বিমান টিকিট-সংক্রান্ত কর কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যটন মন্ত্রী জানান, হজযাত্রীদের ব্যয় আরও কমাতে সৌদি সরকারের আরোপিত বিমান টিকিট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাসের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
হজ এজেন্সিগুলোর বিষয়ে মন্ত্র বলেন, সেবার মান উন্নয়নের পাশাপাশি এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।
অনুষ্ঠানের শুরুতে সাবেক মন্ত্রী হারুনার রশিদ মুন্নুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতারা, হজ ও ওমরাহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক হজপ্রত্যাশী ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















