নিজস্ব প্রতিবেদক :
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়া যাওয়ার খবরে শনিবার (১ আগস্ট) দুপুরে প্রায় ৫২ মিনিট স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি ও নিরাপত্তা ক্লিয়ারেন্সের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয় এবং মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়। ট্রেনগুলো স্টেশনটি স্কিপ করে চলাচল করে।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ডিভাইস ব্যবহার করে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে এটি বোমা নয়, একটি কৌটা বলে নিশ্চিত হওয়া গেছে।
পরে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এলাকা নিরাপদ ঘোষণা করা হলে বেলা ১টা ৫০ মিনিটে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও খোঁজখবর নিচ্ছে।
এর আগে শনিবার (১ আগস্ট) দুপুরে ঢাকার এই দুটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনের নিচে বস্তা ও ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় ও পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিএমপির সংশ্লিষ্ট থানা-পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
ডিএমপি সূত্রে জানা যায়, প্রথম ঘটনায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু থাকার খবরের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে ভেতরের একটি কৌটাসদৃশ ইমেজ দেখা যায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরবর্তীতে ব্যাগটি খুলে পরীক্ষা করে দেখা যায়, তাতে কেবল জর্দার একটি কৌটা ও পান ছিল। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর দ্রব্যাদি পাওয়া যায়নি।
অন্যদিকে, ফার্মগেট (তেজগাঁও থানা) এলাকায় মেট্রোরেল স্টেশনের কাছে একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহ তৈরি হলে সেখানেও বোম্ব ডিসপোজাল ইউনিট হাজির হয়। ইউনিট সদস্যরা হাত দিয়ে নিরাপদে (হ্যান্ড এন্ট্রি) বস্তাটি পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে সেটির ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।
নিজস্ব প্রতিবেদক 



















