বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুর আলমের বিরুদ্ধে এক নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগীয় মামলা ও তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে রেজওয়ানুর আলমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারির বিষয়টি জানা যায়। এর আগে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত জুন মাসে একজন নারী চিকিৎসক বরগুনা জেনারেল হাসপাতালে যোগদান করেন। এর পর থেকে হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক রেজওয়ানুর আলম সুযোগ পেলেই ওই নারী চিকিৎসককে কারণ ছাড়াই হাসপাতালে তাঁর কক্ষে ডাকতেন। তিনি অনৈতিক প্রস্তাবসহ অশালীন ইঙ্গিত করতেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৩৯(১) ধারা অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাবিত বা রুজু হলে অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ তাঁকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখতে পারে। তদন্তকাজে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় অভিযুক্ত রেজওয়ানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ বিষয়টি খুবই গুরুত্বসহকারে বিবেচনা করেছে বলে জানান ভুক্তভোগী ওই নারী চিকিৎসক। তিনি বলেন, ‘এটি একটি মেসেজ (বার্তা) সমাজের জন্য। আমরা আমাদের আচরণ যাতে আরও সচেতনভাবে করি। যেকোনো কর্মকর্তা ঊর্ধ্বতন হোক আর নিম্নতম হোক, সবারই সচেতন হওয়া উচিত। বিভাগীয় কার্যক্রম প্রক্রিয়া নিয়ম অনুযায়ী চলবে, এটা কারও হাতে নেই।’
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুর আলম বলেন, আমি এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
বরগুনা জেলা প্রতিনিধি 





















