লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
শুক্রবার (২৩ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা সভায় তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকতারা উদাসিনতার সাথে দায়িত্ব পালন করেন। সুযোগ থাকা স্বত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয়, পানি নিষ্কাশনের ড্রেন, রাস্তা সংস্কারমূলক কাজ করে না। এসবের কোনো দৃশ্য আমার চোখে পড়েনি।
পানিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসংশা করে বলেন, একমাসের মাথায় আমরা চন্দ্রগঞ্জ উপজেলা পেয়েছি। (আজ) বিকেলে আনুষ্ঠানিকভাবে চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হবে।
তিনি বলেন, জেলা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো রেললাইন। লক্ষ্মীপুরে রেল লাইন বাস্তবায়ন অসম্ভব ছিল। সেই অসম্ভবকে সম্ভব করেছি। আশাকরি অচিরেই এ স্বপ্নপূরণ হতে যাচ্ছে। এছাড়া লক্ষ্মীপুরে নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পাচ্ছে এ জেলা বাসী।
একই সাথে তিনি আরও বলেন,সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নে যারা দূর্নীতির সাথে জড়াবে তাদের কাউকে ছাড় দেয়া।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, পাঁচ মাস হয়েছে আমরা (বিএনপি) এসেছি। যখন এক-দেড় বছর যাবে, মানুষ আমাদের কাছে জবাবদিহিতা আশা করবে। এখন কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে প্রশ্ন করে না। এখন তারা সহযোগিতা করছেন, কাজটা শুরু করার জন্য। কিন্তু সময় যেতে বেশিক্ষণ লাগে না।
পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা সবাই আশা করেছিলাম যে সরকারই থাকুক, আমাদের দাবির প্রতি সবাই সম্মান দিবে। নির্বাচনের এক মাসের মাথায় প্রতিশ্রুতি রক্ষা করে কাজ শুরু করেছি। অনেকেই বলতে পারেন এটি দীর্ঘদিনের প্ল্যান ছিল। প্ল্যানতো অনেক কিছুই থাকে, স্বপ্ন অনেক কিছুই থাকে। কিন্তু বাস্তবায়নটা কোথায় আটকে আছে, সেটাকে ঠিক করে সেই কাজটাকে দৃশ্যমান করে নিয়ে আসাটাই আসল ব্যাপার। সেজন্য প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীর প্রতি খুবই আন্তরিকতা দেখিয়েছেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউছুফ, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি ও রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবির প্রমুখ।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 





















