বিনোদন ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট। ফলে ৭০ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন শিবা শানু।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ১৭৯ ভোট। এ ফলকে এবারের নির্বাচনের অন্যতম চমক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এছাড়া সহ-সভাপতি পদে ইলিয়াস কোবরা ২১৬ ভোট (নির্বাচিত), ডিএ তায়েব ২৬০ ভোট (নির্বাচিত), নূতন ২০৪ ভোট এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত, এই পদে রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।
সাংগঠিক সম্পাদক পদে চুন্নু পেয়েছেন ১৮২ ভোট, এবং সনি রহমান ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির, তিনি পেয়েছেন ২৭২ ভোট, এই পদে পপি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর , এই পদে রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট। সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে ইউসুফ খান ৭২ ভোট, এবং মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট, তবে এই পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল, তিনি পেয়েছেন ২২১ ভোট। একই পদে জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন- আলী রাজ ,কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।
নির্বাচিত সদস্যদের মধ্যে কায়েস আরজু, আলি রাজ, জেসমিন আক্তার, শিপন মিত্র, কাবিলা, শিরিন শিলা ও ফরহাদ শিবা সানু–জয় চৌধুরী পরিষদ থেকে এবং নাসরিন, সুশান্ত, রাকা আলম ও চিকন আলী আরমান-মুক্তি পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী। এ সময় তারা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী দিনে সাধারণ শিল্পীদের অধিকার ও কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে ভোটারদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নতুন সভাপতি শিবা শানু। বলেন, যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছে, তাদের মনে এত বেশি বিশ্বাস ছিল আমার প্রতি, এত ভালোবাসা ছিল আমার প্রতি, যে তাদের এই ভালোবাসা, এই বিশ্বাসের পুরোপুরি মর্যাদা আমি কীভাবে রাখব, সেইটাই এখন আমাকে বেশি ব্যাকুল করে তুলেছে।
গলায় থাকা ফুলের মালা সরিয়ে রেখে তিনি বলেন, এই যে গলায় ফুলের মালা, এটা আমার এখনও পরার সময় হয় নাই। আমি এটা সেদিনই শিল্পীদের কাছ থেকে পরব, যেদিন তাদের প্রতিশ্রুতি পুরণ করতে পারব।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে অভিনেতা জয় চৌধুরী তাদের নির্বাচনী প্যানেলের পুরো যাত্রার বিবরণ তুলে ধরেন। সবার সহযোগিতায় একটি সুন্দর ও কার্যকর কমিটি গঠনের আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা সুন্দর একটা পরিষদ গঠন করব। সেই হিসাবে আমাদের অনেক সিনিয়ারদেরকে নিয়ে আর আমাদের এরকম একজন কর্মঠ এবং একজন ভালো মনের একজন মানুষ, যিনি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম।
প্যানেল গোছানোর নেপথ্যের মানুষদের স্মরণ করে জয় চৌধুরী আরও জানান, তাদের সহযোগী হিসাবে সবার প্রিয় সুব্রত দা তার টোটাল টিমটাকে সাজিয়েছিলেন এবং সাথে জ্যাকি ভাইও ছিলেন। নির্বাচনী লড়াইয়ের পথটা বেশ কঠিন ছিল উল্লেখ করে তিনি বলেন, সবকিছু মিলে আমাদের যাত্রাটা অতটা সহজ ছিল না, যতটা সহজে আমরা এতটা গুছিয়ে উঠতে পেরেছি। পরিশেষে, নবনির্বাচিত এই দুই নেতা সাধারণ শিল্পীদের হাত ধরে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন—কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশান।
আপিল বোর্ডের দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
বিনোদন ডেস্ক 

























