নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। প্রায় দুই বছর পর এ ধরনের ভিসা কার্যক্রম পুনরায় শুরু হলো। আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিরা ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
এদিন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেন নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে তিনি যমুনায় ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন হাইকমিশনার।
তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন, রোববার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।’
হাইকমিশনার বলেন, ‘আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে’।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পতনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় সবগুলো আইভ্যাক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের স্থবিরতার জেরে প্রায় ২১ মাস ধরে বন্ধ ভারতের পর্যটন ভিসা। অন্যান্য ভিসাও সীমিত আকারে দেওয়া হচ্ছে।
গত শনিবার রাষ্ট্রাচার প্রধান এ এফ এম জাহিদ-উল-ইসলামের কাছে ভারতীয় নতুন দূত তার লেটারস অব ক্রিডেন্স (পরিচয়পত্র) পেশ করেন। এরপর তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে, গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন।
নিজস্ব প্রতিবেদক 



















