যশোর জেলা প্রতিনিধি :
যশোর-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যান, ভ্যান ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিশুসহ আরও দুজন।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার ঘুনিপূর্বপাড়া গ্রামের মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তার ৪ বছরের শিশু সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে ভ্যান চালক আনোয়ার আলী (৭০)।
আহত মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১৮-০৩২৩) চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যান ও ইজিবাইকসহ তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী ও আরোহী বৃষ্টি সাহা প্রাণ হারান। পরে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার আলী ও সৌভিক সাহা নামে এক শিশুর মৃত্যু হয়।
বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে সাজ্জাদ হোসেনসহ (২৮) আরও দুই আহত চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শাকিরুল ইসলাম জানিয়েছেন।
মৃত আনারের ছেলে জামাল হোসেন জানান, ভ্যানে করে তিন যাত্রী নিয়ে চারুলিয়া যাচ্ছিলেন। পথে কাভার্ডভ্যান ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দিলে এতে তার বাবা মারা যান।
এদিকে দুর্ঘটনার পর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ঘটনাস্থলে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর স্টশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাছুম খান বলেন, সড়ক দুর্ঘটনার পরে নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যশোর জেলা প্রতিনিধি 
























