স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক পরিবর্তনের পর নতুন অ্যাডহক কমিটি ধীরে ধীরে নিজেদের কার্যক্রম গুছিয়ে নিচ্ছে। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল ইতোমধ্যেই বোর্ডের গুরুত্বপূর্ণ বিভাগগুলো বন্টন করেছেন।
বিসিবির সর্বশেষ নির্বাচনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ের আগেই তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে আগের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে আছেন তামিম।
নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভায় বিভিন্ন বিভাগের দায়িত্ব সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে। সভা শেষে তামিম জানান, ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব নির্দিষ্ট কারও ওপর না দিয়ে বোর্ডের সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ রাখা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দ্বিতীয় বারের মতো বোর্ড সভা হয় নতুন কমিটির। যেখানে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এডহক কমিটির সদস্যদের মধ্যে।
সভা শেষে সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব সামলাবেন বোর্ডের সবাই মিলে। অর্থাৎ এ বিভাগের দায়িত্ব নির্দিষ্ট কাউকে না দিয়ে উন্মুক্ত রেখেছেন তামিম।
এ ছাড়া গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। আর বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে।
বিসিবির ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজের দায়িত্বে তামিম ইকবাল। আতহার আলি খানকে দেওয়া হয়েছে আম্পায়ার্স কমিটির দায়িত্ব। অন্যদিকে ফিন্যান্স কমিটির দায়িত্ব পেয়েছেন ইসরাফিল খসরু।
তামিম ইকবাল : ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ
ফাহিম সিনহা : গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল
রফিকুল ইসলাম বাবু : গ্রাউন্ডস
তানজিল চৌধুরী : এইজ গ্রুপ
সালমান ইস্পাহানী : মার্কেটিং এবং ডিসিপ্লিন
রাশনা ইমাম : উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন কমিটি
ইসরাফিল খসরু : ফিন্যান্স এবং ওয়েলফেয়ার
সায়েদ ইব্রাহিম আহমেদ : সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ
মিনহাজুল আবেদীন নান্নু : টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির : লজিস্টিকস
আতহার আলী খান : আম্পায়ার কমিটি
স্পোর্টস ডেস্ক 
























