কুমিল্লা জেলা প্রতিনিধি :
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পৃথক দুটি স্থানে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা দুটি মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও নিমসার এলাকায় সংগঠিত হয়।
বুধবার (০১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ও নিমসার বাজার সংলগ্ন ইউটার্নে এবং চান্দিনা কাঠেরপুলের রাস্তায় লরিচাপায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এবং ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারোপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- দাউদকান্দির সরকারপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. বারেক (৫৫) এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে মো. মোস্তফা (৫২)।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ইউটার্নে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়ির সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম মইন (২৭) এবং মেহেরপুর সদরের কেশবপুর এলাকার খোদাবক্সের ছেলে সোহেল রানা ৩৫)।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
কুমিল্লা জেলা প্রতিনিধি 




















