রাঙামাটি জেলা প্রতিনিধি :
রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও ১২ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাপছড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা চট্টগ্রামের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজ করেন।
বাসের যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে অর্ধশত যাত্রী বাসটি রিজার্ভ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। দুপুরে বাসটি রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৯ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায় বলে জানান যাত্রীরা।
বাসের দুই যাত্রী জুঁই চাকমা ও রাহুল চাকমা বলেন, বাসটিতে আমরা প্রায় ৫০ যাত্রী নিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলাম। পথে সাপছড়ি এলাকার ঢালু সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
চট্টগ্রাম বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, ‘বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের অন্য একটি বাসে চট্টগ্রামে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের কমান্ডার লিডার মো. আব্দুল মান্নান বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠিয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এর মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে। আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং গুরুতর আহত একজন থাকায় চট্টগ্রাম স্থানান্তর করা হয়েছে।
রাঙামাটি জেলা প্রতিনিধি 























