নিজস্ব প্রতিবেদক :
জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল সেগুলো বাস্তবায়ন করা হবে।
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদে যেসব সংস্কার ও জনদাবির বিষয়ে বিএনপি একমত হয়েছিল, বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমাদের এই পথচলা।
বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের ভোটে জিতে ক্ষমতায় যেতে হবে, আমরা এই সিস্টেম চালু করতে চাই। মূল কথা জনগেণের কাছে দায়বদ্ধতা।
তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কিছু না কিছু বৈশ্বিক ঝামেলা তৈরি হয়। এবারও দায়িত্ব নেওয়ার পরপরই ইরান-ইসরাইল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে। কিন্তু সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সমস্যা তৈরি হয়নি এবং তেলের দামও বাড়েনি। এমনকি সংকটের মধ্যেও গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করা সম্ভব হয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এক মাসে আমরা সরকারের সব ক্ষেত্রেই সাফল্য দেখছি। এরইমধ্যে পার্লামেন্ট অধিবেশন বসেছে এবং সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে গড়ে তোলা। সরকার এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
দলীয় কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, বর্তমানে ছোটখাটো পরিসরে দলের কার্যক্রম চললেও এ বছরের মধ্যেই বিএনপির দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্রুত কাজ চলছে এবং এ বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মতবিনিময়কালে বিএনপি মহাসচিব দলীয় কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। এ বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ সময় গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়েও কথা বলেন এলজিআরডি মন্ত্রী। তিনি উল্লেখ করেন, প্রতিবারের মতো এবার গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। কারণ আমরা আগাম ব্যবস্থা নিয়েছিলাম।
সান্তাহারে ট্রেনের লাইনচ্যুতির মতো দুর্ঘটনাগুলো নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই রেল চলাচল স্বাভাবিক ও নিরাপদ হবে।
নিজস্ব প্রতিবেদক 























