নিজস্ব প্রতিবেদক :
তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে বলে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বছরের মধ্যে সব প্রাথমিক শিক্ষার্থীদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের সময় শিক্ষার্থীদের ড্রপ আউটের পরিমাণ বেড়ে গিয়েছিলো, বর্তমান সরকার সবার আগে শিশুদের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না। কোনো শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। তাদের জন্য আমরা সব ধরনের আরামদায়ক শিক্ষার ব্যবস্থা করছি। সামনের দিকে তারা এগিয়ে যাবে। আমরা দেখতে চাই না, তারা ব্যাগভর্তি বই নিয়ে শিশুরা প্রতিষ্ঠানে যাচ্ছে। তারা হাসতে হাসতে খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।’
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মধ্যেই মিড ডে মিল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমাদের শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভোগে, সেজন্য সারা দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিডে মিল চালু করা হবে। এ বছরের মধ্যেই প্রত্যেক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল পাবে।
খেলাধূলাকে শিক্ষা কারিকুলামে যুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। শিক্ষার্থীরা যাতে হাসতে হাসতে শিখতে পারে সেজন্য সরকার সব পদক্ষেপ নেবে, বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। মাহদী আমিন বলেন, সরকার এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেন শিক্ষার্থীরা নিজেদের পছন্দমত বিষয় নিয়ে নিজেকে তৈরি করতে পারে।
নিজস্ব প্রতিবেদক 



















