নিজস্ব প্রতিবেদক :
ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে অন্যান্য উৎস থেকে কীভাবে বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করা যায় সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, পানি মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। পৃথিবীর অধিকাংশ অংশ পানি দ্বারা আবৃত হলেও নিরাপদ পানির সংকট এখন বিশ্বজুড়ে প্রকট আকার ধারণ করেছে। ভবিষ্যতে নিরাপদ পানিকে কেন্দ্র করে সংঘাতও তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পানির জন্য অতিরিক্তভাবে গভীর নলকূপের ওপর নির্ভরশীলতা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের ফোকাস এখন থেকে ভূপৃষ্ঠের পানি ব্যবহারের দিকে নিতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ এবং নদীর পানি পরিশোধন করে ব্যবহারের উদ্যোগ বাড়াতে হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অনুসরণযোগ্য। ছোট ছোট জলাধার তৈরি করে সেই পানি নিরাপদভাবে ব্যবহারের ব্যবস্থা করা গেলে পানির সংকট অনেকটাই কমানো সম্ভব।
এ সময় গভীর নলকূপের ওপর নির্ভরশীলতা মারাত্মক হুমকি জানিয়ে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহারে ঢাকা শহরের ঝুঁকি বাড়ছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করতে হবে। হাতিরঝিলের পানিকে পরিশুদ্ধ করে ব্যবহার করতে হবে। আশুলিয়ার পানি সংরক্ষণও উৎস হতে পারে। একইসঙ্গে ঢাকার আশেপাশের নদীগুলোর পানি ব্যবহার করার চিন্তা করতে হবে।
এ সময় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন মির্জা ফখরুল।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। এ বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে এবং পরিবর্তন আমাদেরকেই আনতে হবে।
মির্জা ফখরুল বলেন, ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সার্ফেস ওয়াটার ব্যবহারে অভ্যস্ত হতে হবে।সেক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে।
ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট নিরাপদ পানি-এ কথা জানিয়ে এসময় পুরোনো চিন্তা বাদ দিয়ে বাংলাদেশকে বাঁচাতে নতুনভাবে ভাবার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সারা বিশ্বে নিরাপদ পানির অভাব রয়েছে। নিরাপদ পানির জন্য অনেক যুদ্ধ বিগ্রহও হয়। পরবর্তী বিশ্বযুদ্ধ নিরাপদ পানির জন্য হওয়ার আলামত দেখতে পাচ্ছি।
নদীদূষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজধানীর আশপাশের নদীগুলোর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। একসময় যে নদীর পানি ব্যবহারযোগ্য ছিল, এখন সেখানে যাওয়া পর্যন্ত কঠিন হয়ে গেছে। এসব নদীকে দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, পানি শুধু উন্নয়নের বিষয় নয়, এটি বেঁচে থাকার প্রশ্ন। তাই নিরাপদ পানি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।
এ সময় তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে, ‘পানি দিবস’ উপলক্ষে ‘ওয়াক অব ওয়াটার আইডেন্টিটিস’ ক্যাটাগরি ছবির জন্য সেরা পাঁচ আলোকচিত্রীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক 


















