চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার মনজুর আলমের সন্তান মিমতাহ ও মোর্শেদ, তাদের মামা ফেরদৌস আলম ফিরোজ এবং মাইক্রোবাসচালক মুন্না।
নিহত ফেরদৌস আলম ফিরোজ ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের নুরজাহান মেডিকোর স্বত্বাধিকারী। তার বাড়ি পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসছিল। ভোররাতে কর্ণফুলীর কলেজ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, শনিবার রাত ২টার দিকে কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অনেকে আহত হন। আহতদের চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 



















