স্পোর্টস ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাসেরও কম সময়। এমন সময়ে সৌদি আরব জাতীয় ফুটবল দলের কোচ হারভে রেনার্ডকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।
২০২৪ সালের শেষ দিকে দ্বিতীয়বারের মতো সৌদি আরবের কোচ হিসেবে দায়িত্ব নেন রেনার্ড। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি দলটির কোচ ছিলেন। সেই আসরের প্রথম ম্যাচেই তার অধীনে সৌদি আরব ২-১ গোলে হারায় লিওনেল মেসির শক্তিশালী আর্জেন্টিনাকে, যা ছিল বিশ্বকাপের মঞ্চে বড় এক অঘটন। যদিও পরে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনাই গেল বিশ্বকাপ ঘরে তুলে নেয়।
শুক্রবার (১৭ এপ্রিল) এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেনার্ড বলেন, ফুটবলে এমন ঘটনা স্বাভাবিক। সৌদি আরব এ পর্যন্ত সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে দুবারই ছিল আমার অধীনে। আমিই একমাত্র কোচ যে বাছাইপর্ব এবং মূল বিশ্বকাপে তাদের নেতৃত্ব দিয়েছি (২০২২ সালে)। অন্তত এই গর্বটুকু আমার সঙ্গে থাকবে।
রেনার্ড এর আগে জাম্বিয়া ও আইভরি কোস্টকে নিয়ে আফ্রিকা কাপ অব নেশনস জিতেছেন। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত তিনি সৌদি আরবের কোচ ছিলেন। এরপর তার জায়গায় আসেন ইতালির রবার্তো মানচিনি।
২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত তিনি ফ্রান্স নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওই সময় নারী বিশ্বকাপ ও প্যারিস অলিম্পিকে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে সক্ষম হন।
পরবর্তীতে মানচিনির উত্তরসূরি হিসেবে আবারও সৌদি আরবের কোচ হয়ে ফেরেন রেনার্ড। তবে এবার তার বিদায় ঘিরে নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। ইউরোপীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রিসের জর্জিওস ডোনিসকে সম্ভাব্য কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সৌদি ফুটবল ফেডারেশন ও আল খালিজ ক্লাবের মধ্যে আলোচনা চলছে, যেখানে ডোনিস বর্তমানে কোচ হিসেবে দায়িত্বে আছেন।
২০২৬ বিশ্বকাপে সৌদি আরব গ্রুপ এইচ-এ খেলবে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে, এবং প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া কেপ ভার্দে। গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রের মাঠে অনুষ্ঠিত হবে।
স্পোর্টস ডেস্ক 
























