নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে পুলিশের গাড়িতে করে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়।
আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তিনি যুবলীগের সদস্য। গ্রামের বাড়ি টাঙ্গাইলের হিরানগরের দেলদুয়ারে। সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্ণব ঢাকার ধানমন্ডিতে আলিফ গার্লস স্কুল নামে একটি বিদ্যালয়ের শিক্ষক।
ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভেঙে দেওয়া বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কটি দিয়ে হেঁটেও কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। উৎসুক লোকজনকেও ভিড় করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে। পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।
সকাল সোয়া ১০টার দিকে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা একজনকে আটক করেছে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করা হয়। পরে তাকে থানায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে আটক ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 























