নিজস্ব প্রতিবেদক :
দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
স্থানীয় বাজারে সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) প্রথমবারের দেশের বাজারে ভ্যাটসহ সোনার গহনার দাম নির্ধারণ করে বাজুস। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোনার গহনার ওপর ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ভরি প্রতি ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়। এতে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমে ৯ হাজার ১৩ টাকা।
এরপর গতকাল শুক্রবার ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা। ফলে তিনদিনের ব্যবধানে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমলো ১৫ হাজার ৬০৩ টাকা।
এর আগে গতকাল ১৯ জুন সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
ভ্যাটসহ সোনার গহনার দাম নির্ধারণ করা হলেও রুপার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে। অর্থাৎ রুপার অলংকার কিনতে নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হবে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৮ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৩৯ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩৮ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৯ বার।
সোনার দাম কমলেও দেশের বাজারে এবার অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে আগের মতোই ৫ হাজার ২৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৭ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে বাকি ২৩ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম, যার মধ্যে বেড়েছিল ১০ বার আর কমেছিল মাত্র ৩ বার।
নিজস্ব প্রতিবেদক 



















