আন্তর্জাতিক ডেস্ক :
দুই মাস পর আবারো বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বন্ধ থাকা রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (২৫ এপ্রিল) প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা শুরু হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরান থেকে ইস্তাম্বুল, মাস্কাট ও সৌদি আরবের মদিনাগামী ফ্লাইট ছেড়ে গেছে। এ বরাতে আল-জাজিরাও খবর প্রকাশ করেছে।
এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ইরান এয়ার ৫৬ দিন পর তেহরান থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে প্রথম ফ্লাইট পরিচালনা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। আগামী কয়েক দিনে বাকু, নাজাফ, বাগদাদ ও দোহাগামী আরও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানির প্রধান মোহাম্মদ আমিরানি জানান, দেশের পূর্বাঞ্চল তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তঘেঁষা। এ অঞ্চল অভ্যন্তরীণ ও ট্রানজিট ফ্লাইটের জন্য অগ্রাধিকার পাবে।
ফ্লাইট চালু হওয়ায় দীর্ঘদিনের স্থবিরতার পর ইরানের আকাশপথে স্বাভাবিকতা ফেরার ইঙ্গিত মিলছে। কিন্তু এখনও দ্বিতীয় দফার আলোচনা শুরু না হওয়ায় ফের যুদ্ধের শঙ্কাও থেকে গেছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























