নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
এর আগে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদলের অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনের স্থলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিএনপির জোটসঙ্গী এই নেতা ভোলা-১ আসনের সংসদ সদস্য।
মন্ত্রিসভায় প্রথম রদবদলের অংশ হিসেবে শুক্রবার দিবাগত মধ্যরাতে নতুন করে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
জহির উদ্দিন স্বপন ছাড়াও বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন—মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী।
বরিশালের গৌরনদীর ছেলে স্বপন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন, ভূমিকা রাখেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে। ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেওয়া এ রাজনীতিক সংবাদমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠতা এবং যোগাযোগ দক্ষতার কারণে খুব কম সময়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।
স্বপন পরে দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সহ-দপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিএনপি মিডিয়া সেল’র প্রতিষ্ঠাতা এ আহ্বায়ক বর্তমানে দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্যের দায়িত্বে রয়েছেন।
ভোটের রাজনীতিতে স্বপন প্রথমবারেই সংসদ সদস্য নির্বাচিত হন, তার আসন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া)। ১৯৯৫ সালের ফেব্রুয়ারির সেই নির্বাচনে গঠিত সরকার অবশ্য টিকেছিল মোটেই ১২ দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর জহির উদ্দিন স্বপন একই আসন থেকে ২০০১ ও ২০০৬ সালে পুনর্নির্বাচিত হন।
নিজস্ব প্রতিবেদক 



















