নিজস্ব প্রতিবেদক :
সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের শরীরে নিশ্চিত হাম রোগ ধরা পড়েছে। বাকিদের শরীরে হামের উপসর্গ ছিল। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। এছাড়া নতুন করে ৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ২৩০ জন এবং বরিশাল বিভাগে ১৪৭ জন। নিশ্চিত হাম শনাক্তের সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যেখানে ৫৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















