বিনোদন ডেস্ক :
দীর্ঘদিন পর আবারও এক নাটকে দেখা যাবে দেশের তিন বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুরকে। রাহাত কবিরের রচনা ও পরিচালনায় নির্মিত ‘দাদি ভয়ংকর’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
এর আগে বহু বছর আগে আবুল হায়াতের রচনা ও পরিচালনায় নির্মিত ‘শেষ পত্র’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ। সেই স্মৃতি মনে রেখেই নতুন এই নাটক ঘিরে উচ্ছ্বসিত শিল্পীরা।
নাটকটির গল্পে উঠে এসেছে ইন্টারনেট ও আধুনিক জীবনের নানা দিক। প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের পাশাপাশি সচেতন ব্যবহারের গুরুত্বও তুলে ধরা হয়েছে এতে।
নাটকটির গল্প সম্পর্কে রাহাত কবির বলেন, ইন্টারনেটের অসংখ্য ইতিবাচক দিক রয়েছে, আবার অপব্যবহারেরও সুযোগ রয়েছে। আমরা চাইলে প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি, আবার ভুল ব্যবহারে ক্ষতিও ডেকে আনতে পারি। নাটকে দুটি দিকই তুলে ধরা হয়েছে। তবে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার কীভাবে মানুষের জীবনকে সহজ ও সমৃদ্ধ করতে পারে, তা অনুপ্রেরণামূলকভাবে দেখানোর চেষ্টা করেছি।
এতজন বরেণ্য শিল্পীকে একসঙ্গে নিয়ে কাজ করা কঠিন বলে মনে করেন আবুল হায়াত। তিনি বলেন, নাটকটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমাদের মতো কয়েকজন সিনিয়র শিল্পীকে একসঙ্গে নিয়ে নাটক নির্মাণ করা সহজ নয়। নির্মাতা সেই কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন।
আবুল হায়াত-ডলি জহুরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে দিলারা জামান বলেন, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তেমনই নতুন নতুন ঝুঁকিরও সৃষ্টি করছে। নাটকের গল্পে সেই বিষয়েই মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। আবুল হায়াত ও ডলি জহুরের সঙ্গে একই নাটকে অভিনয় করে খুব ভালো লেগেছে। কাজ করতে গিয়ে বারবার ‘শেষ পত্র’ নাটকের দিনগুলোর কথা মনে পড়ছিল।
নাটকটিতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ডলি জহুর। স্মৃতিচারণ করে এই অভিনেত্রী বলেন, অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম। সেই দলে শর্মিলী আপাও ছিলেন। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই। দিলারা আপা ও হায়াত ভাইয়ের সঙ্গে আবার একই নাটকে কাজ করতে পেরে যে আনন্দ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
‘দাদি ভয়ংকর’ নাটকে দাদির চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। আবুল হায়াতকে দেখা যাবে রাইসুল চরিত্রে এবং ডলি জহুর অভিনয় করেছেন মর্জিনা চরিত্রে। এছাড়া নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
বিনোদন ডেস্ক 
























