নিজস্ব প্রতিবেদক :
জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
সাধারণত বিদেশ সফর শেষে দেশে ফেরার পর সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সফর সংশ্লিষ্ট বিষয় ছাড়াও নানা বিষয়ে কথা বলেন। এছাড়া সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পর ২৯ আগস্ট সংবাদ সম্মেলন করেছিলেন বঙ্গবন্ধুকন্যা। এর এক মাস এক সপ্তাহ পর ফের সংবাদ সম্মেলনে আসছেন সরকারপ্রধান।
গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করেন। অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। সেখানে অধিবেশন শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্য যান তিনি।
দুই দেশ ১৬ দিনের সরকারি সফর শেষে বুধবার (৪ অক্টোবর) দেশে ফিরেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে গণভবনে পৌঁছালে সেখানে দলের সিনিয়র নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
নিজস্ব প্রতিবেদক 





















