নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সরকারের মন্ত্রীদের সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৬ এপ্রিল) সকালে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যদের নিয়ে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, সরকারের মন্ত্রীদের সদা সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে নানান ঘটনা ঘটতে পারে। এসব মোকাবিলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। হাম মোকাবিলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিলে এমনটা হতো না। আগে থেকেই এটা মোকাবিলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে হতো।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কৌশলে ভুলিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না বলে মন্তব্য কওে রিজভী বলেন, মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্তের ইতিহাস। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগ কোনোভাবেই ভোলার নয়। কেউ যদি কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি তা প্রতিহত করবে।
তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানর নেতৃত্বে দেশ বর্তমান সংকট কাটিয়ে উঠবে। তারমতে, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক এবং এরইমধ্যে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
রিজভী বলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সংগঠনটি আজ থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও সাহসিকতার বার্তা পৌঁছে দিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধাদের বয়স বৃদ্ধির প্রেক্ষাপটে তরুণদের মাধ্যমেই এ ইতিহাস সংরক্ষণ ও প্রচারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটি কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক প্রভাবের ফল। তবে এই সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি ছাদভিত্তিক সোলার প্যানেল ব্যবহারে উৎসাহ দিতে কর-সুবিধা বাড়ানোর আহ্বান জানান এবং বলেন এতে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক নির্ভরতা কমবে।
স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। জনগণের চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় নতুন প্রজন্ম অঙ্গীকারবদ্ধ। তাদের নেতৃত্বে এই চেতনা দেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং কোনো অপচেষ্টা সফল হবে না।
প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বলেন, ইশরাক হোসেন অত্যন্ত দক্ষ ও যোগ্য সংগঠক এবং অত্যন্ত সাহসী তরুণ। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা তার নেতৃত্ব দেখেছি। তার এবং মন্টির নেতৃত্বে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল গোটা জাতির কাছে মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দেবে। ইশরাক হোসেনরা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে দিবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন বলে মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিচ্ছেন। তিনি কৃষক কার্ড দিচ্ছেন। দিনাজপুরে খাল খনন করছেন। একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, হামে যেন আর কোনো মৃত্যু না ঘটে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে। মন্ত্রীদেরকেও প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে। বিনা চিকিৎসা এবং বিনা ওষুধে যাতে মানুষ বিপন্ন হতে না পারে। যাতে কোনো ধরনের মহামারি গ্রাস করতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতারা।
নিজস্ব প্রতিবেদক 
























