নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ বলেন, মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার। বিষয়টি সময় নিয়ে যাচাই-বাছাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
শামা ওবায়েদ বলেন, ‘মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই বাছাই করছে বাংলাদেশ। এই জোটে যুক্ত হতে বাংলাদেশের স্বার্থ আগে বিবেচনা করা হবে। এখনো কোন আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় ফোরামে অংশ নেওয়ার আগে বাংলাদেশ ফার্স্ট নীতি আমরা অনুসরণ করে থাকি। এখানে যুক্ত হলে বাংলাদেশের কি সুবিধা, জনগণের কি লাভ সেটা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার। এখনো কোনো অফিসিয়ালি কিছু পাইনি। তবে এটা উন্মুক্ত আছ, দেখা যাক।
তিনি বলেন, দেশের জন্য অমঙ্গল হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের ইতিবাচকভাবে দেখছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।
সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সংসদীয় কূটনীতি জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান শামা ওবায়েদ।
তরুণ সংসদের উপস্থিতিকেও ইতিবাচকভাবে দেখছে আইপিইউ। বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গোরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ওই মন্তব্য আগের কোনো চুক্তিকে কেন্দ্র করে হয়ে থাকতে পারে।
নিজস্ব প্রতিবেদক 


















