স্পোর্টস ডেস্ক :
ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে বিসিসিআই। নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে শ্রেয়াস আইয়ারের নাম। নেতৃত্ব হারানোর পাশাপাশি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল থেকেও বাদ পড়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।
শনিবার (৬ জুন) দল ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৮ সামার অলিম্পিক সামনে রেখে নতুন পরিকল্পনা শুরু করেছে নির্বাচকরা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।
সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিলক ভার্মা। এর আগে এই দায়িত্বে ছিলেন অক্ষর প্যাটেল।
গত মার্চে সূর্যকুমারের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রেখেছিল ভারত। তবে ২০২৮ সালের বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮ বছর। সাম্প্রতিক বিশ্বকাপে ৯ ইনিংসে ২৪২ রান এবং আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।
অন্যদিকে শ্রেয়াস আইয়ার দীর্ঘদিন জাতীয় দলের টি-টোয়েন্টি পরিকল্পনার বাইরে থাকলেও নেতৃত্বের ক্ষেত্রে তার অভিজ্ঞতা নির্বাচকদের আস্থা জুগিয়েছে। তিনি ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন।
এদিকে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। সদ্য সমাপ্ত আইপিএলে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জেতা এই কিশোর ক্রিকেটার আন্তর্জাতিক অভিষেক ঘটাতে পারলে ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন। বর্তমানে সেই রেকর্ডটি রয়েছে শচিনের দখলে।
আয়ারল্যান্ড সফরের আগে সূর্যবংশী শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবেন।
আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দলটি।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের ভারত টি-টোয়েন্টি দল:
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিশেক শার্মা, সাঞ্জু স্যামসন, ইশান কিষান, শিভাম দুবে, তিলাক ভার্মা (সহ-অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দার, ভারুন চক্রবর্তি, রাভি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা, আর্শদিপ সিং, প্রিন্স ইয়াদাভ।
স্পোর্টস ডেস্ক 
























