বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের পশ্চিম চাঁন্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত ব্যক্তিরা হলেন- চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), আহাদের মা মনিরা বেগম (৬০) ও আহাদের নানি রাশিদা বেগম (৯৩)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে। প্রাথমিক তদন্তে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হলেও, হত্যার প্রকৃত কারণ ও কীভাবে ঘটেছে তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থলে পুলিশ ও অপরাধ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন। সুরতহাল প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কচুয়া থানার কর্মকর্তা (তদন্ত) মাহামুদ হাসান বলেন, মূল রাস্তা থেকে বাড়িটা একটু ভেতরে। সেখানে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি দেরিতে নজরে এসেছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শরীরে পচন ধরেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাগেরহাট জেলা প্রতিনিধি 























