নীলফামারী জেলা প্রতিনিধি :
প্রধানমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিমানবন্দর প্রতিষ্ঠার বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
বুধবার (২০ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, আপনারা ধৈর্য ধরেন। আমরা মাত্র দুই মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। ধাপে ধাপে একটির পর একটি কাজ এগিয়ে নেওয়া হবে।
আফরোজা খানম বলেন, দেশের যেসব বিমানবন্দরে যাত্রীসেবা বেশি হবে এবং যেগুলো দেশের ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেসব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।
বিমানমন্ত্রী বলেন, দেশের যে স্থানে অর্থনীতি, জনগণ ও দেশের স্বার্থ জড়িয়ে আছে এবং যেখানে যাত্রীসেবা সবচেয়ে বেশি বৃদ্ধি করা সম্ভব, সেই বিমানবন্দরগুলোকে সরকার অগ্রাধিকার ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
তিনি বলেন, সৈয়দপুর যেহেতু উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং এই অঞ্চলটি শিল্প-বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ, সে কারণেই এই বিমানবন্দরটিকে সরকার বিশেষভাবে বিবেচনায় রেখেছে।
বিমানবন্দর সম্প্রসারণে জমি অধিগ্রহণের বিষয়ে তিনি বলেন, ঈদুল আজহার পর এ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের ও ব্যবসায়ী তারিকুল ইসলাম তারিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নীলফামারী জেলা প্রতিনিধি 



















