নাটোর জেলা প্রতিনিধি :
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি স্বচ্ছ হবে। এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ সক্রিয় করারও চেষ্টা করা হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ কার্যকর করার জন্য যোগ্য, ভালো ও শিক্ষিত যারা স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে, এমন যোগ্য লোককে স্থানীয় সরকারে বসাতে চায় বর্তমান সরকার।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, এছাড়া সরকার গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ সমস্যা এমনভাবে সমাধান করতে চায়, যাতে ভবিষ্যতে কারও মুখাপেক্ষী হতে না হয়। দেশের মানুষ তেল, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সমস্যায় আছে। এসব সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীসহ তার সরকারের সবাই দেশের মানুষের কাছে বারবার দুঃখ প্রকাশ করেছে।
ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের মানুষ তা জানে, বিশ্বাস করে এবং সরকারের ওপর আস্থা রাখতে শুরু করেছে বলে আমি বিশ্বাস করি। জনগণের অনেক চাহিদা রয়েছে, যার সবগুলো এখনো আমরা পূরণ করতে পারিনি।
তিনি বলেন, এসব সমস্যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মাটিতে তৈরি করা হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও তেল—এই তিনটি খাতে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা হয়েছে, যাতে অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়। বর্তমান সরকার এসব সমস্যা এমনভাবে সমাধান করতে চায়, যাতে বাংলাদেশকে আর কারও ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সমস্যা ও সমাধানের মধ্যবর্তী এই সময়টুকুতে আমাদের সবারই কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী বারবার দুঃখ প্রকাশ করেছেন। আমরাও দেশের মানুষের কাছে যখন যেখানে যাচ্ছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।
ফারজানা শারমিন বলেন, এই স্বল্প সময়ে সরকার মানুষের কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে, তা জনগণ মূল্যায়ন করবে। সরকার যে ৩১ দফা নিয়ে জনগণের কাছে গিয়েছে, ভোট চেয়েছে, সেই সব দফার প্রতিটি বর্তমান সরকার কমবেশি টাচ করেছে। ছয় মাস কোনো সময়ই নয়, যেটা দিয়ে একটি সরকারকে মূল্যায়ন করা যায় বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
নাটোর জেলা প্রতিনিধি 


















