নিজস্ব প্রতিবেদক :
দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ বোনাস’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে এ ঈদ বোনাস হস্তান্তর করেন তিনি।
এর আগে ছুটির দিনেও এক ব্যতিক্রমী আমেজে গুলশানের কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেল বেলা নিজের বাসভবনে আসরের নামাজ শেষ করে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে আসেন তিনি।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। এটি ছিল সারা দেশের সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়রদের একটি অনুষ্ঠান।
মূলত ঈদুল আজহা উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে বুঝিয়ে দিতেই এ আয়োজন।
এসময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার শিরিন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর হাত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই ঈদ বোনাসের চেক গ্রহণ করেন তারা।
এর আগে চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরের সময় দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল। ঈদুল ফিতরের ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন ঈদুল আজহাতেও পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটাতে আজ একইভাবে মেয়র ও প্রশাসকদের হাতে উপহারের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক 





















